
হঠাৎ অসুস্থ হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে চিকিৎসকরা তার বাসায় গিয়ে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন। বুধবার সকালে প্রয়োজনীয় নমুনা বাসা থেকেই সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলাম।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, তিনি কিছুটা দুর্বল থাকলেও সামগ্রিকভাবে স্থিতিশীল আছেন এবং বিশ্রামে রয়েছেন। দ্রুত আরোগ্যের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে বিকেলে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। যাত্রাপথে কয়েকবার বমি করলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরে বাসায় ফিরে বিশ্রাম নেন।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, জামায়াত আমির প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনি নেতার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
একই অনুষ্ঠানে মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও তার সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা রয়েছে—ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে আদর্শিক ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সকালে মগবাজারে ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তার হৃদ্রোগসংক্রান্ত একটি বড় অস্ত্রোপচার হয়। পরে সুস্থ হয়ে তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচার, সাংগঠনিক ব্যস্ততা এবং রমজানের কর্মসূচি মিলিয়ে শারীরিক চাপ বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
দৈনিক অধিকার ডেস্ক 





















