
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে বিতরণের জন্য আসা ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান লেখা থাকায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ মার্চ) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে নলডাঙ্গা পৌরসভার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় কয়েকটি বস্তায় এ স্লোগান দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালের বস্তাগুলোর ওপর ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’—এমন স্লোগান লেখা ছিল, যা উপস্থিত সবার নজরে আসে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ত্রাণের চালের বস্তায় এ ধরনের স্লোগান দেখে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার থেকে অসহায় ও নিম্নআয়ের পরিবারের জন্য জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দের অংশ হিসেবে নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জল হোসেন এবং নলডাঙ্গা পৌর জাসাস কমিটির আহ্বায়ক শাহিন মোল্লা বলেন, “শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সরকারি ত্রাণের চালের বস্তায় এখনও কেন তার নাম বা স্লোগান থাকবে—এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে নলডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. সাগর মন্ডল বলেন, “চালের বস্তাগুলো খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি ত্রাণ বিতরণে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের বিষয়গুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
সাজেদুর রহমান, নাটোর 



















