
ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ৫৮ দিনের এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এদিকে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’। চাঁদপুর সদরে উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এই সময়ে প্রচার-প্রচারণার মাধ্যমে জাটকা সংরক্ষণ এবং পূর্ণবয়স্ক ইলিশ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বাড়ানো হবে।
সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ইলিশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার কাজ করছে। তিনি বলেন, জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখা, অভয়াশ্রম প্রতিষ্ঠা ও কার্যকর ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগ—এসব উদ্যোগ সমন্বিতভাবে জোরদার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী।
দৈনিক অধিকার ডেস্ক 























