
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন ওই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। তিনি চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা জানতে পারেন, তিনি ইংরেজি বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এসএসসি পরীক্ষার ফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে এসএসসি ফল প্রকাশের দিন এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফলাফল জীবনের চূড়ান্ত মূল্যায়ন নয়—এমন বার্তা দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হতাশার সময়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিনিধিঃ 























