
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে নবাগত শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করার পাশাপাশি এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া সাত শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর এক শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১২ আগস্ট রাতে বিজয়-২৪ হলে দ্বিতীয় সেমিস্টারের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রথম সেমিস্টারের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবাগত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে হয়রানির অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪৩তম সভায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে ইএসএডিএম অনুষদের প্রিয়ম কুমার সাহা এবং কৃষি অনুষদের মো. আসিফ জাহানকে র্যাগিংয়ের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের তৌফিক হোসেন আলিফ, মনুয়িম তাজওয়ার মাহি, সিএসই অনুষদের মো. আশরাফুল হক চৌধুরী, মো. সাকিব হোসেন মজুমদার, মো. মুমিনুল ইসলাম (সাকিব), উৎস বর্মন ও মো. নাহিমকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জোবায়ের আহমেদ লিমন ও মো. রাজিব মিয়াকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই অনুষদের লক্ষণ চন্দ্র রায়কে অভিভাবকের উপস্থিতিতে প্রভোস্ট কার্যালয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে র্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বা এ ধরনের অপসংস্কৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার ডেস্কঃ 
























