
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা। বৈঠকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন, অফিস বরাদ্দ, কনভোকেশন আয়োজন, সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ সহজ করা, ক্যারিয়ার গাইডলাইন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপাচার্য দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম উপাচার্যের কাছে তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাব্য কর্মসূচি সম্পর্কেও তাকে অবহিত করা হয়।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর রিডিংরুমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বই সরবরাহের পরিকল্পনার কথা জানানো হয়। বিশেষ করে চাকরির প্রস্তুতি এবং বিভিন্ন মৌলিক বিষয়ের প্রয়োজনীয় বই শিক্ষার্থীদের জন্য দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংগঠনের নেতারা।
এ ছাড়া ক্যাম্পাসে ৫০০টি ফলজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। একই সঙ্গে সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ আরও সহজ করতে অ্যালামনাই আইডি কার্ড চালুর উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়।
এ বিষয়ে উপাচার্য জানান, অ্যালামনাই কার্ডধারী সাবেক শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতায় না পড়েন, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বৈঠকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে ক্যারিয়ার গাইডলাইনভিত্তিক সেমিনার আয়োজনের পরিকল্পনাও আলোচনা করা হয়। সরকারি ও বেসরকারি চাকরি, বিদেশে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া রংপুরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা, সংগঠনের নিবন্ধন, অফিস বরাদ্দ এবং দীর্ঘদিনের প্রত্যাশিত কনভোকেশন আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতাদের ভাষ্য, উপাচার্য সংগঠনের নিবন্ধন দ্রুত অনুমোদন, অফিস বরাদ্দ এবং কনভোকেশন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।”
বৈঠকে উপস্থিত ছিলেন বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুলতানুল মোসলেমিন অনিক (লাকিম), সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, দপ্তর সম্পাদক আসাদ হোসেন, ক্যারিয়ার ও গাইডলাইন সম্পাদক মো. মোহসিন আলী, মানবসম্পদ সম্পাদক আল আমিন হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা এবং কার্যনির্বাহী সদস্য মোন সাজ্জাদ হোসেন।
জুবায়ের আল হাসান, বেরোবি প্রতিনিধিঃ 























