
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চাঁপাইনবাবগঞ্জে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ।
কর্মসূচির অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় বাসিন্দা, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে মাদক গ্রহণের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং মাদকবিরোধী সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় মাদক থেকে দূরে থাকতে এবং মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় পরিবার ও সমাজের সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিনিধি 
























