
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজা হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার অফিসার ইনচার্জ দাউদ হোসেন সাংবাদিকদের জানান, ২০০৮ সালে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন। এই পরোয়ানা জারির ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। অভিযোগে উল্লেখ করা হয়, বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির নামে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছিল।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদানের পাশাপাশি জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজারও নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর পরোয়ানা জারি হলে গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে।
অধিকার ডেস্কঃ 






















