
বর্তমান আওয়ামী লীগকে দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন-নিপীড়নের পথ বেছে নিয়েছিল এবং হত্যা-গুমের রাজনীতি ও দুর্নীতির পথে হেঁটেছিল, যার ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও একসময় এই চক্রের ভেতরে জড়িয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
সংগঠন হিসেবে আওয়ামী লীগ জনগণের নাড়ি থেকে দূরে সরে গিয়েছিল বলে উল্লেখ করে তিনি আরও বলেন, দলটি নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছিল। তিনি উদাহরণ দিয়ে বলেন, মাছের পচন যেমন মাথা থেকে শুরু হয়, তেমনি দলটিরও একই পরিণতি ঘটেছে। তাঁর ভাষ্যে, এই পচনের সূচনা হয় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের মধ্য দিয়ে, আর শেষ পর্যন্ত পুরো সংগঠনটিই পচে গেছে।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তাঁর মতে, সেই সময়ের আওয়ামী লীগ ছিল একটি নীতি ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন, কিন্তু বর্তমান আওয়ামী লীগ এখন দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগে’ পরিণত হয়েছে বলে স্পষ্টভাবে জানান তিনি।
অধিকার ডেস্কঃ 
























