
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সংকটকালীন এই মুহূর্তে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ যেকোনো প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক ও সংহতি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নেপালের এই মর্মান্তিক দুর্যোগ পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনায় বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন মুহূর্তে বন্ধুপ্রতীম দেশ নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
দুর্যোগকালীন এই সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য যেকোনো ধরনের সহায়তা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অধিকার ডেস্কঃ 























