
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে দেশের সব শ্রেণির মানুষের কাছে আরও দৃঢ় ও সম্প্রসারিত করার আহ্বান জানিয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ। তিনি মন্তব্য করেন, তারেক রহমানের নেতৃত্বের পরিধি টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত বিস্তৃত হওয়া প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে দলমত-নির্বিশেষে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন ধানুড়া বালিকা বিদ্যালয়ে নবনির্মিতব্য চারতলা একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, দেশের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও সুসংহত করা জরুরি। তিনি জানান, দেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে শহর ও বন্দরাঞ্চল পর্যন্ত—সর্বত্র মানুষের চাওয়া-পাওয়ার সঙ্গে একাত্ম হয়ে কাজ করার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও যোগ করেন, দেশের প্রতিটি অঞ্চলে—টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত—জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে নেতৃত্বের প্রতি আস্থা এবং জনগণের সম্পৃক্ততা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানকে কেবল পাঠদানের স্থান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কারখানা হিসেবে অভিহিত করে এমপি আব্দুল আজিজ বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন একাডেমিক ভবন চালু হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনি আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হান্নান, ধানুড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর, উপজেলা প্রকৌশলী মাহবুব আলম, বিএনপি নেতা রেজাউল করিম এবং কাজী জাফর আহমেদ নয়ন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন একাডেমিক ভবন নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চারতলা ভবনটি নির্মিত হলে ধানুড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নততর শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে।
সাজেদুর রহমান,নাটোর 
























