
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের চলমান তৎপরতায় নতুন করে সাফল্যের খবর পাওয়া গেছে। জেলা সদর উপজেলার রেহাইচর এলাকায় মহানন্দা সেতুর টোলঘরের কাছে অভিযান পরিচালনা করে ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট সমৃদ্ধ মাদক সিরাপসহ একজনকে হাতেনাতে ধরে ফেলেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. সামি (২১), যিনি মৃত বদুরের ছেলে এবং মায়ের নাম হনুফা। তার স্থায়ী নিবাস নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার খালপাড় চেঙ্গাইন এলাকায় হলেও সম্প্রতি তিনি সোনাপুরে ফুফুর বাসায় থাকছিলেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস নোটের মাধ্যমে জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় “মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ” গড়ার লক্ষ্যে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এই উদ্যোগেরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল।
ডিবির উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের তত্ত্বাবধানে সহকর্মী কর্মকর্তা ও ফোর্স বুধবার (২৬ আগস্ট) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে সদর মডেল থানা এলাকার রেহাইচর মহল্লায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরের সামনে অবস্থান নেয়।
এরপর একটি সন্দেহভাজন সিলভার রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি চালায় পুলিশ। আটক সামির সহায়তা ও শনাক্তকরণের মাধ্যমে গাড়ি থেকে উদ্ধার হয় ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ ‘এস্কাফ’ সিরাপ। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১৭-৮৯২৫ নম্বরধারী প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পুলিশের ধারণা অনুযায়ী, বিপুল পরিমাণ এই মাদক সিরাপ কৌশলে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচারের চেষ্টা চলছিল। তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে এবং মাদকের উৎস কোথায়, গন্তব্যই বা কী ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ভাষ্যমতে, সীমান্তবর্তী এই জেলাকে কোনোভাবেই মাদক পাচারের নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষায় জেলা পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী, পাচারকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মাদক-সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে, সেই সঙ্গে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তাও দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ 























