
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাঁকফো গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছা. ফাতেমা খানম চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে তার ভর্তি প্রক্রিয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। কাঁকফো নতুন পাড়া গ্রামের বাসিন্দা লাবলুর মেয়ে ফাতেমা।
বিষয়টি নজরে আসার পর ফাতেমার পাশে দাঁড়ান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তার উদ্যোগেই ফাতেমার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যয় নির্বাহে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করা হয়।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই অনুদানের অর্থ ফাতেমার হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
ফাতেমার মতো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সহজ করতে সহায়তা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই সুযোগকে বাগাতিপাড়াবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন এলাকাবাসী এবং ফাতেমার সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করেছেন তারা।
সাজেদুর রহমান,নাটোর 

























