
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৪ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে আয়োজিত ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির হাতে যে ক্ষমতা থাকে, তা অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে। যারা সক্রিয় রাজনীতি করতে চান, তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের স্থান হওয়া উচিত নয়। বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই কমিটিতে সম্পৃক্ত করে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কায়সার কামাল আরও বলেন, একজন শিক্ষক সারাজীবনের জন্যই শিক্ষক থেকে যান। জীবনের শেষদিন পর্যন্ত তারা সমাজে স্যার বা ম্যাডাম হিসেবে গভীর শ্রদ্ধার আসনে থাকেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের কল্যাণে প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন। তার হাতে নেওয়া সংস্কারমূলক উদ্যোগগুলোকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারীসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের সমাপনীতে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অধিকার ডেস্কঃ 























