
প্রকৌশলীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত স্বীকৃতির দাবিতে ‘প্রকৌশলী অধিকার দিবস’ পালন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সংহতি জানানো হয় এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের স্মরণ করা হয়।
আয়োজকদের ভাষ্যমতে, গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের ডাকা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে রাজধানীতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ওই ঘটনাকে স্মরণে রেখে এবং প্রকৌশলীদের অধিকার আদায়ের দাবিকে সামনে রেখে দিনটিকে ‘প্রকৌশলী অধিকার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচিতে ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি বলেন, প্রকৌশলীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত স্বীকৃতির দাবিকে জোরদার করার পাশাপাশি ঢাকার লং মার্চ কর্মসূচিতে আহত সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। তিনি বলেন, প্রকৌশলী শুধু একটি পদবি নয়, বরং দেশের উন্নয়নের অন্যতম কারিগর, এবং বিদ্যুৎ, যোগাযোগ, শিল্প, তথ্যপ্রযুক্তি, পানি ও জ্বালানিসহ প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে তাদের অবদান রয়েছে। তার ভাষায়, তাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়, বরং বৈষম্যের বিরুদ্ধে, এবং শান্তিপূর্ণ ও যৌক্তিক দাবির মাধ্যমে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান জানান, গত বছর ডিপ্লোমা সিন্ডিকেটবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২৭ আগস্ট ঢাকায় লং মার্চ কর্মসূচি আয়োজন করা হয়েছিল, যেখানে পুলিশি হস্তক্ষেপে অনেক শিক্ষার্থী আহত হন। তাদের স্মরণেই এই দিনটিকে প্রকৌশলী অধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ডিপ্লোমা টেকনিশিয়ানদের অনিয়মিত পদোন্নতির কারণে প্রকৌশল খাতে নানা জটিলতা তৈরি হয়েছে বলে তারা মনে করেন, যা প্রকৃত প্রকৌশলীদের যোগ্য পদে কাজের সুযোগ থেকে বঞ্চিত করছে। দেশের প্রযুক্তিগত উন্নয়নে স্বচ্ছ ও দক্ষ প্রকৌশল খাত প্রয়োজন উল্লেখ করে তিনি এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান।
ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী মাহিন তাসদীদ বলেন, বিএসসি পাস করে কর্মরত প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ২৭ আগস্ট তারা আন্দোলনে অংশ নিতে চেয়েছিলেন, যেখানে অনেক শিক্ষার্থী আহত হন। তিনি জানান, এবারই প্রথমবারের মতো ২৭ আগস্টকে প্রকৌশলী অধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে। আন্দোলনের সময়কার একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন, পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, তাদের মূল আন্দোলন মূলত ঢাকাকেন্দ্রিকভাবে চলমান রয়েছে।
জুবায়ের আল হাসান, বেরোবি প্রতিনিধিঃ 





















