
নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার নামে পরিচিত হালতি বিলের পাটুল এলাকায় নিষিদ্ধ জাল ব্যবহার করে পোনা মাছ নিধনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। গত বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই অভিযানে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে ৫৭টি চায়না দুয়ারী জাল এবং প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্যের বাঁধাই জাল জব্দ করে ঘটনাস্থলেই নষ্ট করে ফেলা হয়। জব্দকৃত এসব জালের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২১ হাজার টাকা বলে জানা গেছে। এ সময় মাছ শিকারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করা, জলাশয়ের জীববৈচিত্র্য টিকিয়ে রাখা এবং পোনা মাছ নিধন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, হালতি বিলে অবৈধ জাল ব্যবহার করে পোনা মাছ ধরার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছিল, যা মাছের প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলছিল। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
সাজেদুর রহমান,নাটোর 























