
ময়মনসিংহে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ জন সদস্যের বদলি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক ফ্যাক্ট ক্লারিফিকেশনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, যুবলীগের মিছিলের সঙ্গে ওই বদলি আদেশের কোনো সম্পর্ক নেই। তিনি জানান, ময়মনসিংহ জেলা পুলিশের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে নিয়মিতভাবেই বদলি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, আর সেই ধারাবাহিকতাতেই ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যদের বদলি করা হয়েছে।
জানা গেছে, গত ১৯ ও ২০ আগস্ট ২০২৬ তারিখে পৃথক দুটি আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বদলি করা হয়েছিল, অর্থাৎ আদেশ দুটি একই সময়ে জারি হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, ২১ আগস্ট অনুষ্ঠিত যুবলীগের মিছিলের আগেই এসব বদলি আদেশে স্বাক্ষর করা হয়েছিল। ফলে ওই মিছিলকে কেন্দ্র করেই বদলি করা হয়েছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানানো হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বদলির কারণ হিসেবে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাও সঠিক নয় বলে দাবি করা হয়েছে। ওই ব্যক্তির বক্তব্য অনুযায়ী, তাঁকে শুধু বদলির বিষয়টি সত্য কি না, তা জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু বদলির কারণ সম্পর্কে তাঁর কোনো বক্তব্য নেওয়া হয়নি।
তিনি আরও স্পষ্ট করে জানান, যুবলীগের মিছিলের কারণে ওই পুলিশ সদস্যদের বদলি করা হয়েছে—এমন কথা তিনি কখনোই বলেননি। বরং তিনি জানিয়েছিলেন, এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমেরই একটি অংশ এবং জনস্বার্থেই এই বদলি করা হয়েছে।
এ প্রসঙ্গে যেসব গণমাধ্যমে বদলির ঘটনাকে যুবলীগের মিছিলের সঙ্গে সম্পৃক্ত করে অসত্য বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, সেসব প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
একই সঙ্গে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধিঃ 
























