
বরিশালের গৌরনদীতে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকারের ওপর হামলার ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিরাপদ থাকা জরুরি। গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়। তারা মনে করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম এক বিবৃতিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জনসমক্ষে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কর্মরত সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
সাংবাদিক সমাজ আশা প্রকাশ করেছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটিত হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দ নুর আহসান,বরিশাল প্রতিনিধি: 
























