
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা আয়োজনের প্রস্তাবিত সময়সূচি অনুমোদনের পর সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষার সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং এরপর সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা। এরপর ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক গণিতের পরীক্ষা হবে ২৫ মার্চ।
পরবর্তী সময়ে ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষাও প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগীত বিষয়ের পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে নিজ খরচে প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও শনাক্তকারী শিক্ষকসহ সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। এ পরীক্ষায় মূল উত্তরপত্রের পরিবর্তে পৃথক ব্যবহারিক খাতা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
তবে বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।
অধিকার ডেস্কঃ 

























