
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কে ফেলে যাওয়া দুই বছরের সেই শিশুকে অবশেষে তার বাবা মো. পলাশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত করার শর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত মুচলেকা দিয়ে সন্তানকে নিজের দায়িত্বে নেন বাবা।
গত ২১ আগস্ট সন্ধ্যায় উপজেলার বারইখালী ইউনিয়নের জেলে পাড়ার একটি ইটভাটার সামনের সড়কে শিশুটিকে রেখে তার মা মিতু আক্তার ঢাকায় চলে যান। এর প্রায় তিন মাস আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়।
স্থানীয়রা সড়কের পাশে শিশুটিকে কাঁদতে দেখে উদ্ধার করে তার দাদির কাছে নিয়ে যান। তবে দাদিও শিশুটির দায়িত্ব নিতে রাজি হননি। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানতে পারেন। এরপর তিনি শিশুটিকে নিজের বাসভবনে আশ্রয় দেন।
পরে শিশুটির বাবা মো. পলাশকে বিষয়টি জানানো হয়। তিনি বাইরে অবস্থান করায় সোমবার (২৪ আগস্ট) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ কল্যাণের বিষয়টি বিবেচনা করে ইউএনওর কাছে লিখিত মুচলেকা দেন মো. পলাশ। এরপর আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার বাবার কাছে তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য মো. আবুল খায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 




















