
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় নতুন মুসলিমপাড়া গ্রামের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার আনারুল ইসলাম নতুন মুসলিমপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতা প্রয়োজন। কেউ মাদক ব্যবসা বা পাচার সংক্রান্ত তথ্য জানলে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।
পুলিশের ভাষ্য, জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ ও পাচার রোধে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি 
























