
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১১৩ জন। এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকার হাসপাতালগুলোতে ২৪১ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ৪৪ জন, চট্টগ্রামে ২৪৬ জন, খুলনায় ১৩০ জন, ময়মনসিংহে ৩৭ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫৩ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ হাজার ৮২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে ১১৫ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে এ বছর এখন পর্যন্ত সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।
দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
অধিকার ডেস্কঃ 





















