
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৯৮৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০১ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮০ জন। এ সময়ে নিশ্চিতভাবে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৪ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
অধিকার ডেস্কঃ 





















