
আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছেন শারমিন আক্তার। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন তিনি।
ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৫ বলে অপরাজিত ৪৬ রান করেন শারমিন। গুরুত্বপূর্ণ ওই ইনিংসের পরই র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসে তার অবস্থানে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শারমিনের ওপরে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি আছেন ২০তম অবস্থানে। এ ছাড়া সোবহানা মোস্তারি ৪২, স্বর্ণা আক্তার ৫৯ এবং দিলারা আক্তার রয়েছেন ৬২ নম্বরে।
বোলিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছেন নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়েছেন পেসার মারুফা আক্তার। তিনি নেমে গেছেন ২১ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ১৯তম এবং সুলতানা খাতুন যৌথভাবে ৩৫তম অবস্থানে রয়েছেন।
এদিকে নারী টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি। ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন মেগান শাটের ৮০৬ পয়েন্টের রেকর্ড।
এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন চারানি।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও ভারতের ক্রিকেটারদের অবস্থানে পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে সেরা পাঁচে ফিরেছেন স্মৃতি মান্ধানা। একই ম্যাচে ৭৯ রান করা রিচা ঘোষ তিন ধাপ এগিয়ে ২৫তম অবস্থানে উঠেছেন।
অধিকার ডেস্কঃ 
























