
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল কঠিন। দলীয় স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন ওপেনার মাইমুনা নাহার। অচেনা জান্নাত ৬ বলে ৬ রান করে ফেরেন। অধিনায়ক সাদিয়া ইসলাম করেন ১২ রান। আরেক ব্যাটার বিবি আয়েশার সংগ্রহ ১৮ বলে ৭ রান।
এরপর ব্যাটারদের ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাদিয়া আক্তার। নিশিতা আক্তার নিশি করেন ২৩ রান। এ ছাড়া ফারজানা ইয়াসমিন ৫, কুমারি শ্রাবণী রানি ১২ এবং অদ্রিতা নওশিন ৬ রান করেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে মাহনুর জাইব তিনটি এবং রোজিনা আকরাম দুটি উইকেট নেন। আরেক বোলার পান একটি উইকেট।
১১৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালোই ছিল। দুই ওপেনার মিলে দলকে এগিয়ে নেন। রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করেন। কোমল খান ৩৯ বলে ২৯ রান করে দলের ইনিংসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তবে দুই ওপেনার ফিরে যাওয়ার পর পাকিস্তানের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে। এরপর জোফিসান আইয়াজ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। জোফিসান করেন ১২ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন তিনি। ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন নেন একটি করে উইকেট।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস। এতে ৩০ রানের জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণ হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের।
অধিকার ডেস্কঃ 























