
আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘গ্রুপ এ’-তে এই দুই দলের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
১৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে নতুন তিন ধাপের প্রতিযোগিতা কাঠামো চালু করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচকে গুরুত্বপূর্ণ করে তুলতে এই ফরম্যাট নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে দলগুলো তিনটি ধাপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম ধাপে ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা র্যাঙ্কিংয়ের দলগুলো রাউন্ড-রবিন ভিত্তিতে ‘সুপার সিরিজে’ খেলবে। সেখান থেকে কেবল শীর্ষ দলটি পরবর্তী ধাপে জায়গা করে নেবে।
দ্বিতীয় ধাপে ছয়টি করে দল নিয়ে দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল এবং দুই গ্রুপের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী অন্য একটি দল ‘সুপার সেভেন’ পর্বে উঠবে।
এরপর ‘সুপার সেভেন’ পর্বের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালের বিজয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে বিশ্বকাপের গ্রুপগুলো ঘোষণা করেছে। টুর্নামেন্ট শুরুর এক বছর আগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপ প্রকাশ করা হয়, যার মধ্য দিয়ে বিশ্বকাপের কাউন্টডাউনও শুরু হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ‘গ্রুপ এ’-তে ভারত, পাকিস্তান ও ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে আফগানিস্তান ও সহ-আয়োজক জিম্বাবুয়ে। এ ছাড়া ‘সুপার সিরিজ’ থেকে উঠে আসা ‘কোয়ালিফায়ার এ’ দল এই গ্রুপে যুক্ত হবে।
অন্যদিকে ‘গ্রুপ বি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপে ‘কোয়ালিফায়ার বি’ দলটিও থাকবে।
আইসিসি জানিয়েছে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ম্যাচসূচি এখনো প্রকাশ করা হয়নি।
অধিকার ডেস্কঃ 























