
খুলনার রূপসায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফিরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজু মোড়ল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজু মোড়ল রামনগর গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মামুন মীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া খুলনার সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজু বাড়িতে ফেরেন। তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, রাজু মোড়লকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।
তিনি আরও জানান, রাজুকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।
অধিকার ডেস্কঃ 

















