
বিএনপি যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরছে, তাতে প্রতি পাঁচ বছরে একজন করে শেখ হাসিনার মতো শাসক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, বিএনপি চাইলেও তারেক রহমানকে শেখ হাসিনা হতে দেওয়া হবে না।
শনিবার (১০ অক্টোবর) হবিগঞ্জ নিউ ফিল্ডে খেলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, সংবিধান সংশোধন করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা। এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে পুতুল রাষ্ট্রপতির পরিবর্তে স্বাধীন রাষ্ট্রপতি, স্বাধীন বিচার বিভাগ এবং সরকারি চাকরিতে সবার মেধার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
সরকারি চাকরিতে তদবির ও আনুগত্যের ভিত্তিতে পদোন্নতি, চাকরি পাওয়া এবং চাকরিতে টিকে থাকার সুযোগ বন্ধ করার ওপরও গুরুত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরছে, তাতে প্রতি পাঁচ বছরে একজন করে শেখ হাসিনার মতো শাসক তৈরি হতে পারে। তার ভাষায়, ‘বিএনপি চাইলেও আমরা তারেক রহমানকে শেখ হাসিনা হতে দেব না।’ তারেক রহমান শেখ হাসিনার মতো হয়ে ওঠার আগেই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।
নির্বাচনের পর বিএনপির সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন মামুনুল হক। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর দ্রুত শপথ নিয়ে সরকার গঠন করেছে দলটি। অথচ বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামতে তারা ছয় মাস সময় নিয়েছেন। সরকার গঠনের ক্ষেত্রে বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
মামুনুল হকের অভিযোগ, সরকার গঠনের পর বিএনপি গণভোটের নির্বাচনকে অবৈধ বলেছে। এরপর থেকেই দলটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। তেল, গ্যাস ও বিদ্যুৎসহ দেশের গুরুত্বপূর্ণ খাত বিদেশি সংস্থার হাতে তুলে দিয়ে বিএনপি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ওই আন্দোলনে ৩০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ প্রাণ দিয়েছেন। এরপরও আহত ও নিহত ব্যক্তিদের বিচার চাওয়ার জন্য সরকারের দ্বারস্থ হতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ওসমান হাদিদের মতো ব্যক্তিরা রক্ত না দিলে ব্রিটেন থেকে বিমানের টিকিট কাটার সুযোগও তৈরি হতো না।
বাংলাদেশ খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির নেতা ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈদ এবং কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি হাবিবুর রহমান।
সমাবেশটি পরিচালনা করেন খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ সাদিক।
অধিকার ডেস্কঃ 






















