
‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায় ও দুঃস্থদের মধ্যে ত্রাণসামগ্রী এবং সেলাই মেশিন বিতরণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ড. সাইমুম পারভেজ বলেন, অর্থ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি চালু হলে প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য ও খাদ্যসামগ্রী দেশের বাজারে বাজারজাত করার ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির সুযোগও সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বিশ্ববাজারে দেশের ঐতিহ্যবাহী শিল্পকে পৌঁছে দিতে বিএনপি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
রাজনৈতিক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, পলাতক শক্তি যেকোনো সময় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে তাদের ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, ভবিষ্যতেও একইভাবে তাদের মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট ও গুপ্ত—এই দুই শক্তির সম্মিলন যাতে না ঘটে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনসহ অন্যরা। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ বা ওভিওপি একটি গ্রামভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন ধারণা। এর মূল উদ্দেশ্য হলো প্রতিটি গ্রাম বা অঞ্চলের স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যকে চিহ্নিত করে তার মানোন্নয়ন, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া। জাপান থেকে শুরু হওয়া এ ধারণা বিভিন্ন দেশে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ভূমিকা রেখেছে।
নিজস্ব প্রতিনিধিঃ 






















