
ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ আব্দুস সালাম (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন (৪৫) নামে আরেকজন পালিয়ে যান।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরীপুর উপজেলার উজান কাশিয়ার চর (বালুর চর) এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যায়। অভিযানে আব্দুস সালামের নিজ বসতঘর থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আল আমিন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
গ্রেফতার আব্দুস সালাম উজান কাশিয়ার চর (বালুর চর) এলাকার বাসিন্দা। পলাতক আল আমিন গৌরীপুর উপজেলার সুতিরপাড় এলাকার মুন্সির বাড়ির বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, দুজনই দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেফতার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধিঃ 

















