
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সিলেটে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। জেলার ১১টি উপজেলার ৪৭১টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত পুলিশ মোতায়েনের পাশাপাশি গঠন করা হয়েছে ৯০টি মণ্ডপভিত্তিক মোবাইল টিম।
শনিবার (১৮ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের আয়োজিত ব্রিফিং প্যারেডে এসব তথ্য জানান সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি মণ্ডপভিত্তিক টিমগুলোও নিয়মিত পরিদর্শন করছে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া যেসব পূজামণ্ডপে বেশি মানুষের সমাগম হয়, সেসব এলাকায় যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাদা পোশাকে নজরদারি, প্রস্তুত কুইক রেসপন্স টিম
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সাদা পোশাকে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দিতে প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
পাশাপাশি পুলিশ লাইন্সসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যের স্ট্যান্ডবাই টিম, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
অধিকার ডেস্কঃ 

















