
সিলেটের জৈন্তাপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবককে আটক করা হয়েছে। এ সময় ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও নগদ ১০ হাজার টাকাও জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ট্রাকের ওপর কলাপাতা দিয়ে ঢেকে মাদকদ্রব্যগুলো পরিবহন করা হচ্ছিল। তল্লাশির সময় কলাপাতার নিচে লুকানো অবস্থায় মাদকগুলো পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন নওগাঁর পোরশা উপজেলার শীষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশীপুর এলাকার মৃত আব্দুল হামীদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে হরিপুর পুলিশ চেকপোস্টে ট্রাকটিতে অভিযান চালানো হয়। এ সময় কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
অধিকার ডেস্কঃ 

















