
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের পর ট্রাকটি মহাসড়কের ওপর কাত হয়ে উল্টে যায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার সবুজ পাহাড়ের বাঁকে এ দুর্ঘটনা ঘটে। দুজনই ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, নিহত দুজনের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে। তবে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ এখনো তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের সদস্য নজরুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থল থেকে টেকনাফের দক্ষিণ হ্নীলা এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) একটি কপি পাওয়া গেছে। পুলিশ এই ঠিকানার সূত্র ধরে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
অধিকার ডেস্কঃ 

















