
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারীর নাম ঝিনুক আক্তার (২৮)। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার শাকিল ও বেবী দম্পতির মেয়ে।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে খালের পানিতে ড্রামটি ভেসে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তাঁরা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ড্রামটি খাল থেকে তুলে ভেতরে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায়। মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
পরে নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআই। বায়োমেট্রিক ডিভাইসের সহায়তায় তাঁর নাম-পরিচয় জানা যায়।
শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা গেছে, নিহত নারীর নাম ঝিনুক এবং তাঁর বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায়। তবে ওই এলাকায় তাঁর কোনো আত্মীয়স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
অধিকার ডেস্কঃ 



















