
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সস্তা বাহবা পাওয়ার জন্য দেওয়া এ ধরনের বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারের ভাবমূর্তিতে গুরুতর আঘাত হানবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপির সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, পুলিশ বাহিনীর প্রধান সরকারের গুরুত্বপূর্ণ অংশ। দায়িত্বশীল পদে থেকে তিনি কীভাবে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলতে পারেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
রিজভীর ভাষ্য, বক্তব্যটি যদি অসাবধানতাবশত বা ‘স্লিপ অব টাং’ হয়ে থাকে, তাহলে বিষয়টি ভিন্ন। তবে এমন দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য সরকারকে বিব্রত করার পাশাপাশি সচেতন মহলেও উদ্বেগ তৈরি করছে।
পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে তাঁদের যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। তাঁর মতে, নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা হলে সমাজে অপরাধ কমিয়ে আনা সম্ভব।
তরুণদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক পরিকল্পনার কথাও তুলে ধরেন রিজভী।
তিনি বলেন, তরুণ সমাজকে বিশৃঙ্খলার দিকে ঠেলে না দিয়ে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। তাঁদের জাতীয় উৎপাদন ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।
প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। রিজভীর দাবি, এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দারিদ্র্য কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে বিপুলসংখ্যক গাছ ও তালগাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
যুবদলের ভূমিকার প্রশংসা
এর আগে সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রিজভী।
এ সময় গণতন্ত্র রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের আন্দোলনে যুবদলের ভূমিকার প্রশংসা করেন তিনি। আগামী দিনেও তারেক রহমানের সহযোগী শক্তি হিসেবে যুবদল কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, ফেরদৌস মুন্না ও এজমাল হোসেন পাইলট এবং সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর
এদিকে আইজিপি মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটির দাবি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে তিনি শব্দটি ব্যবহার করেননি; অপরাধীদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগের বিষয়টি বোঝাতে শব্দটি উল্লেখ করেছিলেন।
অধিকার ডেস্কঃ 






















