
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধের অস্ত্র পরিবহনের প্রতিবাদে বিশ্বের ২২টি দেশের ১১৩টি বন্দরে ধর্মঘট পালন করেছেন বন্দরশ্রমিকেরা। তাঁদের এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নিউইয়র্কের মানুষ ধর্মঘটী শ্রমিকদের পাশে রয়েছে।
আল জাজিরার সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিশ্বের ২২টি দেশের ১১৩টি বন্দরে এ ধর্মঘট পালিত হয়। যুদ্ধের অস্ত্র পরিবহন বন্ধে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করাও ছিল কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি লেখেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধের অস্ত্র পরিবহন ব্যাহত করতে ২২টি দেশের ১১৩টি বন্দরের শ্রমিকেরা ধর্মঘট করেছেন। নিউইয়র্কের মানুষ তাঁদের পাশে রয়েছে।
তিনি আরও লেখেন, শ্রমজীবী মানুষ নিজেদের শক্তিতে ঐক্যবদ্ধ হলে আরও ভালো একটি পৃথিবী গড়ে তোলা সম্ভব। বন্দরশ্রমিকেরা যুদ্ধের জন্য কাজ করেন না বলেও মন্তব্য করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘটের কারণে পণ্যবাহী জাহাজ চলাচল ও ফেরি পরিষেবা ব্যাহত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকেরা উন্নত বেতন, কাজের পরিবেশ এবং যুদ্ধকবলিত এলাকা অতিক্রমকারী জাহাজে চিকিৎসক রাখার অধিকারও দাবি করেন।
শুক্রবার গ্রিসের পিরেয়ুস বন্দরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির বণিক জাহাজের প্রকৌশলীদের ইউনিয়নপ্রধান অ্যাপোস্তোলস কিপ্রাইওস বলেন, ‘আমরা তাদের যুদ্ধের জন্য কাজ করব না। তাদের কামানের গোলার খাদ্যও হব না।’
অধিকার ডেস্কঃ 



















