
চাঁদার টাকা দিতে না পারায় বন্ধ করে দেওয়া হয়েছিল খুলনা নগরীর পিটিআই মোড়ে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। একদিন আগে প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। রোববার রাতের মধ্যে মোটা অঙ্কের চাঁদা পরিশোধের চাপ ছিল মালিকপক্ষের ওপর। নির্ধারিত সময়ে টাকা জোগাড় করতে না পারায় রোববার রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন মালিকেরা। তবে পরদিন সোমবার হুমকির মুখে আবারও প্রতিষ্ঠানটি খুলতে বাধ্য হন তাঁরা।
প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সোমবার সকালে বিষয়টি জানতে পেরে গণমাধ্যমকর্মীরা ডায়াগনস্টিক সেন্টারটির সামনে হাজির হন। অনলাইনে এ-সংক্রান্ত সংবাদ ছড়িয়ে পড়লে মালিকপক্ষের ওপর নানা ধরনের চাপ তৈরি হয়। একপর্যায়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত নূর আজিম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠান খুলে চাঁদার টাকা পরিশোধের নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।
তাঁর হুমকির মুখে সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে প্রতিষ্ঠানটি পুনরায় খুলতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, ‘রোববার রাত ১০টার মধ্যে টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের অত টাকার ব্যবসা হয় না। তারা বলেছে, টাকা না দিয়ে প্রতিষ্ঠান খুলতে পারবি না। তাই মালিকরা সিদ্ধান্ত নিয়ে সোমবার প্রতিষ্ঠান খোলেননি। এর মধ্যে সাড়ে ১২টা থেকে আমার নম্বরে ফোন দিয়ে গালাগাল করা শুরু করেছে। আবার খুলেছি। এরপর কী হবে, জানি না।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ঘটনার পর থেকে মালিকপক্ষ আতঙ্কের মধ্যে রয়েছে। তাঁদের বারবার থানায় এসে মামলা করার অনুরোধ করা হলেও তাঁরা আসেননি।
ওসি জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করেছে। ইতোমধ্যে নূর আজিম বাহিনীর ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।
খুলনায় একের পর এক চাঁদাবাজির অভিযোগ
প্রসঙ্গত, গত এক মাসে চাঁদার দাবিতে খুলনা নগরীর পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটেছে।
প্রথমে রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিকে হামলা চালানো হয়। এরপর ২৪ অক্টোবর রাতে বাবু খান রোডের সন্ধানী ক্লিনিকে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ফাঁকা গুলি ছোড়ে।
এর চার দিন পর, ২৮ অক্টোবর বিকেলে আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেস রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুর চালানো হয়। এরপর ৩ নভেম্বর সন্ধ্যায় সামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও আব্দুল্লাহ প্যাথলজিতে হানা দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। টাকা না দিলে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
এ ছাড়া সন্ধানী ক্লিনিকের আরেকটি শাখায় দুর্বৃত্তরা সশস্ত্র মহড়া দিয়েছে বলে অভিযোগ রয়েছে। চয়নিকা ফার্মেসিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান চাঁদাবাজদের ভয়ে বন্ধ রয়েছে।
অধিকার ডেস্কঃ 





















