
শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকরাই চিকিৎসাসেবা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার জাতীয় সংসদের বৈঠকে এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। হাসপাতালগুলো নির্মাণ করা হবে ঢাকার আশুলিয়া ও সাভার, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে মাগরিবের নামাজের বিরতির পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য বক্তব্য দেন। এ সময় বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান বিশ্বাস শিমুল প্রান্তিক শ্রমিকদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকার বিষয়টি তুলে ধরেন। তাঁদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।
সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত রয়েছে। তবে ওই দিন প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকবেন।
এ পর্যায়ে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, অনির্ধারিত এই প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত আছেন কি না। সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে জবাব দেওয়া শুরু করেন।
চিকিৎসাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের সেই দুঃশাসনের আমলে দেখেছি, কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদ দেশের মানুষের সঙ্গে ব্যবহার না করে, সব কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।’
অতীতের সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। তাঁর অভিযোগ, এমন নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। একইভাবে চিকিৎসাব্যবস্থাকেও পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে গ্রামীণ চিকিৎসাব্যবস্থা যতটুকু ছিল, তা-ও ধ্বংস করা হয়েছে। কিছুদিন আগে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমানের অভিযোগ, অতীতের সরকারের সময়ে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য করা হয়েছিল।
ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল
শ্রমিকদের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত এবং প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। শ্রমিক ও শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতাল শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য নির্ধারিত থাকবে। সেই অনুযায়ী হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
অধিকার ডেস্কঃ 























