
ভারতের রাজধানী দিল্লি-সংলগ্ন শহর লোনিতে থাকেন বিক্রয়কর্মী কানওয়ার সিং। শহরটি উত্তর প্রদেশের মধ্যে পড়লেও দিল্লি মহানগর অঞ্চলের অংশ। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর একটি লোনিতে মোটরসাইকেলে অল্প পথ চললেই বিষাক্ত ধুলায় ঢেকে যায় সিংয়ের শরীর।
৫৫ বছর বয়সী কানওয়ারের সঙ্গে কথা বলতে গেলে তিনি কাপড়ে জমে থাকা ধুলার কণা দেখান। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘এগুলো আমার গলা ও ফুসফুসে ঢুকে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে গরম পানি পান করি। গার্গল করি। কেবল তখনই স্বস্তিতে শ্বাস নিতে পারি।’
তবে কাপড় থেকে ঝেড়ে ফেলা ধুলা সবচেয়ে বড় হুমকি নয়। যানবাহন, বিদ্যুৎকেন্দ্র ও কৃষিজমিতে আগুন থেকে তৈরি ধোঁয়া মিলে বায়ুতে বিপজ্জনক এক মিশ্রণ তৈরি করে। সেই মিশ্রণের অন্যতম ক্ষতিকর উপাদান হলো পিএম২.৫।
অতি সূক্ষ্ম এই কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে। কিছু কণা রক্তের সঙ্গে মিশে যেতে পারে। দীর্ঘদিন এসব কণার সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বাড়ে।
দিল্লি মহানগর অঞ্চলের পাঁচটি এলাকা বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি এলাকার তালিকায় জায়গা পেয়েছে। এর মধ্যে লোনিও রয়েছে। বছরজুড়ে সেখানে পিএম২.৫-এর গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১১২ দশমিক ৫ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ করা বার্ষিক সর্বোচ্চ মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম। অর্থাৎ, লোনিতে দূষণের মাত্রা এই সীমার ২২ গুণের বেশি।
শীতকালে দূষণ যখন চরমে পৌঁছায়, তখন ঠান্ডা বাতাস দূষিত কণাগুলোকে ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে রাখে। এ সময় পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৮০০ মাইক্রোগ্রাম ছাড়িয়ে যেতে পারে।
দীপাবলি উদযাপনের সময় পোড়ানো আতশবাজি দিল্লির বায়ুদূষণ আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু সাধারণ বাসিন্দাদের মধ্যে সচেতনতা খুব একটা বাড়েনি। অনেকেই মাস্ক ছাড়া বাইরে বের হন। সিংয়ের মতো অনেককে শুধু রুমাল দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায়।
দিনে প্রায় ৫ ডলার আয় করা সিং বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকা থাকলে অন্য কোথাও একটি ফ্ল্যাট কিনতাম।’
লোনিতে ৭ লাখের বেশি মানুষের বসবাস। এটি ঘনবসতিপূর্ণ একটি শিল্পাঞ্চল। সেখানে ই-বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, বস্ত্রে রং করা ও প্লাস্টিক পুনর্ব্যবহারের কারখানা রয়েছে।
৫১ বছর বয়সী গৃহিণী সাবিতা দেবী এএফপিকে বলেন, ‘এখানে আমার চোখ সব সময় জ্বালা করে। গলায় সমস্যা হয়। মানুষ খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে।’
ফিনল্যান্ডভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে দিল্লিতে বায়ুদূষণের কারণে ১৭ হাজার ১৮৮ জন মারা গেছেন। যা শহরটির ওই বছরের মোট মৃত্যুর প্রায় ১৫ শতাংশ।
ফলে দিল্লিতে বায়ুদূষণ এখন মৃত্যুর অন্যতম প্রধান একক ঝুঁকির কারণ হয়ে উঠেছে।
অধিকার ডেস্কঃ 
























