
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) রাত সাড়ে ১০টায় নগরীর লালবাগ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা স্লোগানে এলাকা মুখর করে তোলেন। তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সংগঠনের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া এবং রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম।
আনিসুর রহমান বলেন, “বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পরেও অভিযুক্তদের গ্রেপ্তার না করা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি সতর্ক করেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, সাইফুল্লাহ বারীর হত্যাকাণ্ড একটি পূর্বপরিকল্পিত ও নৃশংস ঘটনা। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিচারহীনতা সমাজে অস্থিরতার জন্ম দেয়, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার সেক্রেটারি হানিফুর রহমান সাদীন, মহানগর দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ, প্রচার সম্পাদক সামসুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রাকিব মুরাদ, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম, সেক্রেটারি মাজেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে সাইফুল্লাহ বারী হত্যার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দৃঢ় দাবি জানানো হয়।
দৈনিক অধিকার ডেস্কঃ 























