
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের একটি ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা)-এর আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আয়োজিত ম্যাচকে ঘিরে দিনভর ছিল উৎসবের আমেজ। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা নিজ নিজ দলের জার্সি পরে মাঠে উপস্থিত হয়ে প্রিয় দলকে উৎসাহ দেন। করতালি, স্লোগান ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমে ওঠে আয়োজন।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একাধিক দৃষ্টিনন্দন আক্রমণ ও গোলের সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করতে সক্ষম হয়। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় বহুল আলোচিত এই প্রীতি ফুটবল ম্যাচ।
ম্যাচ শেষে জয়-পরাজনের হিসাব ভুলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় আন্তরিকতা ও সৌহার্দ্যের চিত্র। শুভেচ্ছা বিনিময়, করমর্দন এবং স্মৃতিচারণমূলক ছবি তোলার মধ্য দিয়ে ফুটবল যে সম্প্রীতির বার্তা বহন করে, সেটিই ফুটে ওঠে পুরো আয়োজনে।
ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ফুটবলের মাধ্যমে একত্রিত করা। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”
ম্যাচ উপভোগ করতে আসা শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “অনেক দিন পর ক্যাম্পাসে এত প্রাণবন্ত আয়োজন দেখলাম। মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ পরিবেশ। এমন আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।”
আরেক দর্শক তাসনিম জান্নাত বলেন, “এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, পুরো ক্যাম্পাসের জন্য ছিল এক মিলনমেলা। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একসঙ্গে খেলতে দেখা সত্যিই আনন্দের।”
আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
আর্জেন্টিনা ও ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বিতার আবহে আয়োজিত এই প্রীতি ম্যাচটি ড্র হলেও দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব এবং বর্তমান-সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
জুবায়ের আল হাসান, বেরোবি প্রতিনিধিঃ 


















