
সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে।
শনিবার (২৭ জুন ২০২৬) বিএমডিএ’র প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শুধু গাছ লাগানো নয়, রোপিত গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।
চেয়ারম্যান আরও জানান, বরেন্দ্র অঞ্চলে বৃক্ষরোপণ মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার এবং পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বিএমডিএ’র সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, একাধিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বিএমডিএ জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় আগামী ২ বছরে প্রায় ৩ কোটি গাছ লাগানো হবে এবং সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা পূরণে ধারাবাহিকভাবে পরিচর্যা কার্যক্রমও পরিচালিত হবে। অনুষ্ঠান শেষে সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সৈয়দ মাসুদ রাজশাহী 























