
সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” অর্থাৎ “একটি শিশু, একটি গাছ” — এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ভিত্তি করে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসূচিটি পরিচালনা করে। শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৩ জন শিক্ষার্থীকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও অভিভাবক মো. আব্দুল ওয়াহিদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ রানা ও মো. শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক মো. নাসির উদ্দীন এবং সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করে এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নেয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর মধ্যে পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলা এবং তাদের একটি করে গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তোলা।
বৃক্ষরোপণ শেষে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে ছাত্রীরা একটি সচেতনতামূলক র্যালিতেও অংশ নেয়। বিদ্যালয়ের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও পরিবেশ সচেতন মহল।
নিজস্ব প্রতিবেদকঃ 























