
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে পৃথক দুই অভিযানে ২১৭ বোতল অবৈধ নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকার কাছাকাছি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার এসআই মো. জেনারুল শেখের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে স্থানীয় বাসিন্দা মো. আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২)-কে আটক করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষের কাঠের খাটের নিচে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
এর কয়েক ঘণ্টা পর, একই দিন ভোর ৪টা ২৫ মিনিটে এসআই মো. জেনারুল শেখের নেতৃত্বে পুলিশের আরেকটি দল বঙ্গাবাড়ী ইউনিয়নের দারিপাতা কামারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সাহেব আলী (৩৮)-কে আটক করা হয়। তার বহন করা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২১৭ বোতল অবৈধ নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতে পাঠানোর সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতা পেলে এ ধরনের অভিযান আরও কার্যকর হবে।”
পুলিশের দাবি, সীমান্তঘেঁষা এলাকায় মাদক পাচার ও বেচাকেনা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 





















