
বর্তমান বাস্তবতায় প্রচলিত আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ কার্যকরভাবে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে যুগোপযোগী ও আরও কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য সাগরদী জামে মসজিদের সামনে বামনী ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, দীর্ঘ সময় দেশে গণতান্ত্রিক ধারার সরকার না থাকায় মাদক কারবারিরা বিভিন্ন এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। ফলে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান আইনকে আরও আধুনিক ও কার্যকর করার প্রয়োজন দেখা দিয়েছে।
তিনি জানান, মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। পাশাপাশি জুয়ার বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজি সমাজের জন্য বড় ধরনের সামাজিক চ্যালেঞ্জ। এসব অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদেরও সমন্বিতভাবে কাজ করতে হবে।
বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।
এ সময় রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
মেহেরাব ইমরান আকিব, লক্ষ্মীপুর 




















