
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোড় খালের পাড়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতীকীভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল, নদী ও সড়কের দুই পাশজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভূমিক্ষয় ও ভাঙন কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিন বাটাজোড় এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, খাল পুনঃখননের পর এর পাড়ে পরিকল্পিত বৃক্ষরোপণ এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৈয়দ নূর আহসান, বরিশাল 























