
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এক সময় রাজশাহীবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য ম্লান হয়ে গেছে এবং অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে পৌঁছেছে। তিনি জানান, এই ঐতিহ্যবাহী স্থাপনাটি পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।
সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখান রাসিক প্রশাসক।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ এবং ইমামদের সম্মানি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে বর্তমান সরকার জনস্বার্থে অনেক কাজ সম্পন্ন করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই তিনি রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই পরিদর্শনে এসেছেন। শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
চিড়িয়াখানার প্রাণীগুলো বর্তমানে কোথায় স্থানান্তরিত হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কেমন, সে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও উল্লেখ করেন, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন ইতিমধ্যে সম্ভাব্য স্থান চিহ্নিত করেছে। নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ তৈরি করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
রাসিক প্রশাসকের কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বল্প সময়ের মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনসহ নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এছাড়া রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সৈয়দ মাসুদ, রাজশাহী 





















