
নওগাঁর সাপাহার সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর উদ্যোগে ‘সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’ চালু করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে চার সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজশাহী সেক্টরের নির্দেশনায় এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
তিনি বলেন, চার সপ্তাহের এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। দক্ষতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক থেকে দূরে থাকার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ এবং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু উপস্থিত ছিলেন।
তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে যুবকরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এতে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন। প্রশিক্ষণ কার্যক্রম সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষক আব্দুর রাজ্জাক ও আব্দুল হালিমের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে সাপাহার উপজেলার মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। চার সপ্তাহের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের দিকে এগিয়ে যাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নাহিদ, পোরশা প্রতিনিধিঃ 






















