
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়। পুলিশের হিসাবে জব্দ করা ইয়াবা ও স্কুটির আনুমানিক মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।
রোববার (২ আগস্ট ২০২৬) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার দিগারাকান্দা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। ডিবির এসআই (নিঃ) পিন্টু কুমার রায় সঙ্গীয় সদস্যদের নিয়ে দিগারাকান্দা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে খলিলুর রহমানকে আটক করেন।
গ্রেপ্তার খলিলুর রহমান জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে তার কাছ থেকে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য দাঁড়ায় ৪ লাখ ৬৫ হাজার টাকা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্কুটিতে করে ইয়াবা পরিবহন এবং ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে অবস্থানের কথা জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার খলিলুর রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ আরও জানিয়েছে, খলিলুর রহমানের বিরুদ্ধে এর আগে চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
শফিয়েল আলম সুমন ময়মনসিংহ প্রতিনিধিঃ 























