
কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তনের ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে প্রথম দিনেই টানা দুই বলে দুই উইকেট শিকার করেছেন তিনি। দিন শেষে ৭ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
বুধবার ক্যান্টারবারিতে টস জিতে কেন্টকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় উস্টারশায়ার। শুরুতেই চাপে পড়ে কেন্ট। দলীয় ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার বেন কম্পটন ও জ্যাক ক্রলি।
এরপর স্যাম নর্থইস্ট ও তাওয়ান্দা মুয়েয়ে ৮২ রানের জুটি গড়ে দলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। নর্থইস্ট ৪৩ রান করে আউট হওয়ার পর অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড দলের হাল ধরেন। তিনি ৫২ রান করে কেন্টের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেন। ক্রিস বেঞ্জামিনের ব্যাট থেকে আসে ৪০ রান।
শেষ পর্যন্ত ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। উস্টারশায়ারের হয়ে টম টেলর তিনটি উইকেট নেন। ব্যাট হাতেও ছোট অবদান রাখেন হাসান মাহমুদ। ৬ বলে একটি চারসহ ৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
কেন্টের ইনিংসের জবাবে দ্রুত রান তুলতে শুরু করে উস্টারশায়ার। তবে ষষ্ঠ ওভারে বল হাতে আক্রমণে এসে ম্যাচে প্রভাব ফেলেন হাসান। ওভারের তৃতীয় বলে জ্যাক লিব্বির স্টাম্প ভেঙে দেন তিনি। পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের এই পেসার।
টানা দুই বলে দুই উইকেট নিয়ে উস্টারশায়ারের ওপেনিং জুটি ভেঙে দেন হাসান। এরপর অবশ্য আর কোনো উইকেট নিতে পারেনি কেন্টের বোলাররা।
দিনের খেলা শেষে উস্টারশায়ারের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৮০ রান। ফলে কেন্টের প্রথম ইনিংসের চেয়ে ১৫৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে তারা।
এর আগে জুনে কেন্টের হয়ে কাউন্টি অভিষেকেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হাসান মাহমুদ। প্রথম দুই ম্যাচেই তাঁর শিকার ছিল ১২ উইকেট। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেক ম্যাচে ৯ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি।
ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে কেন্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারসেরা ইনিংস বোলিং।
সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় সেপ্টেম্বরে কেন্টের হয়ে আরও চারটি কাউন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন হাসান। আর প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই টানা দুই বলে দুই উইকেট নিয়ে আবারও ইংলিশ কন্ডিশনে নিজের কার্যকারিতা প্রমাণ করলেন বাংলাদেশের এই পেসার।
অধিকার ডেস্কঃ 

























